উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে যা করা প্রয়োজন, সরকার তাই করবে। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত সচেতন এবং এ ধরনের অনৈতিকতা থেকে বেঁচে থাকতে দিকনির্দেশনাও দিয়েছেন।
এর আগে সমাজ থেকে মাদক, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিনা ও অন্যায়-অবিচার দূর করতে জুমার খুতবার মাধ্যমে জনসচেতনতা তৈরিতে ইমামদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষ ইমামদের কথা পরম আস্থার সঙ্গে শোনে ও বিশ্বাস করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ইমামদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সম্মেলনে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় নেতাদের পর্যায়ক্রমে সরকারি সম্মানী কাঠামোর আওতায় আনা হবে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রার সভাপতিত্বে সম্মেলনে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।