উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ২৩ অক্টোবর সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে বিকেল ৪টার দিকে তিনি জাতীয় স্টেডিয়ামে পৌঁছালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ অন্যান্যরা তাঁকে স্বাগত জানান। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫৭টি দলের মার্চ পাস্ট ও থিম সং পরিবেশনের পর সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ ও সুমিতা রানী দাস মশাল প্রজ্বালন করেন এবং রাষ্ট্রপতি পুরুষ ও নারীদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করে পদক তুলে দেন।
প্রতিযোগিতাটি দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই এবং অ্যাথলেটিকসকে ক্রীড়ার জননী বলা হয়। প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি অবৈধ দখলমুক্ত মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ চিহ্নিত করার আহ্বান জানান। নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করা, আর্থিক কারণে প্রতিভা ঝরে না পড়া এবং স্কুল, কলেজ ও জেলা-উপজেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা ও আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা চালুর আহ্বান জানান তিনি।
বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সরকারের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, এই প্রতিযোগিতা থেকে ভবিষ্যতে অনেক প্রতিভাবান অ্যাথলেট উঠে আসবে যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে গৌরবান্বিত করবে। দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি তৃণমূল পর্যায় থেকে সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। খেলাধুলার প্রসার ও সুস্থ জাতি গঠনে স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবং জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।