উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আবু সাঈদ মাহমুদ (৩০)।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল মহাখালী বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আবু সাঈদ মাহমুদ একজন পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য এবং সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।