উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজন রোগীর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক জরুরি স্বাস্থ্য বুলেটিনে ও প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে মারা যান। এই সময়ের মধ্যে নতুন করে ১৫২ জনের শরীরে ল্যাব-পরীক্ষিত হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ২২ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬০ জন মারা গেছেন, ফলে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৬৯ জন রোগী হামের বিভিন্ন লক্ষণ ও উপসর্গ নিয়ে চিকিৎসা কেন্দ্রে এসেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের সঠিক সময়ে টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার মাধ্যমেই প্রাদুর্ভাব রোধ করা সম্ভব।