উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও অরুণাচল প্রদেশের সীমান্তে উত্তেজনা কমেনি। গত কয়েক দিনে ওই অঞ্চলের বিভিন্ন স্থানে দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর মহাপরিচালক শত্রুজিৎ কাপুর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে সীমান্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো মোতায়েন, ড্রোন ব্যবহারের সম্প্রসারণ এবং সামরিক প্রস্তুতি জোরদারের কথাও জানান।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অরুণাচলের উচ্চ সুবনসিরি জেলার তাকসিং এলাকায় গত জুলাইয়ে দুই দেশের টহল দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গুরুত্বপূর্ণ টহলস্থলে ভারতীয় বাহিনীর প্রবেশ এবং স্থানীয়দের পশুচারণের জমি ব্যবহারের সুযোগ নিয়েও উদ্বেগ উঠেছে।
এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নীরবতার সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। দলটির অভিযোগ, চীনের সঙ্গে সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরকার পর্যাপ্ত ব্যাখ্যা দিচ্ছে না।
২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই দুই দেশের সীমান্তে সামরিক প্রস্তুতি ও পারস্পরিক অবিশ্বাস বেড়েছে। কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা অব্যাহত থাকলেও অরুণাচল সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।