উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিরোধী দলকে কম-বেশি হলেও মূল্যায়ন করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল চকলেট পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে বিএনপি বিরোধী দলে থাকাকালে বসার জায়গাও পায়নি বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মীর শাহে আলম। জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্যের জবাবে তিনি বলেন, বিরোধী দল চকলেট পাচ্ছে আর সরকারি দল বিরিয়ানি খাচ্ছে—এমন মন্তব্য করা হলেও সরকারি দল কী খাচ্ছে তা ভিন্ন আলোচনা।
প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল যে চকলেট পাচ্ছে, তা স্বীকার করেছে এবং এর মাধ্যমে প্রমাণিত হয় সংসদে ও সংসদের বাইরে বিরোধী দলের বক্তব্য শোনা হচ্ছে। ধোঁকাবাজি ও সস্তা ভোটের রাজনীতি বন্ধ করে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি।
রাজনীতি ও জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনা করার জন্যও বিরোধী দলের প্রতি আহ্বান জানান শাহে আলম। পরে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন।