উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায় অবৈধভাবে মজুত করা ১১৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১১টায় এই অভিযান চালানো হয়। পরে জব্দকৃত সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ এক লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
‘মেসার্স চলনবিল এগ্রো এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ও কীটনাশক ব্যবসায়ী মো. মহাসিন আলমের মজুত করা সার নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তাঁরা প্রশাসনকে জানান। খবর পেয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় ৮৪ বস্তা টিএসপি ও ৩০ বস্তা এমওপি সার জব্দ করা হয়।
কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় কৃষকেরা একত্রিত হয়ে সারগুলো আটকে রাখেন এবং প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ জানান, জব্দ করা সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে ১ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় অবৈধভাবে সার মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।