উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের অ্যাথলেটিকসে নতুন প্রতিভা অন্বেষণ এবং দীর্ঘমেয়াদি বিকাশের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। এরই অংশ হিসেবে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬। তিন দিনব্যাপী এই আসরে ৫৭টি সংস্থার মোট ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন।
বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, পুরুষদের ২২টি ও নারীদের ১৮টি মিলিয়ে মোট ৪০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৪৩১ জন পুরুষ ও ১৩৪ জন নারী অ্যাথলেট। তাদের সঙ্গে দায়িত্ব পালন করবেন ১১০ জন ম্যানেজার ও কোচ।
ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ জাবের জানান, প্রতিভা অন্বেষণ কর্মসূচির পরীক্ষামূলক পর্যায়ে প্রথমে লক্ষ্মীপুর ও যশোরকে বেছে নেওয়া হয়েছে। পরবর্তীতে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে আরও ১১টি জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তবে সম্ভাবনাময় অ্যাথলেটদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ক্ষেত্রে আবাসন ও সুযোগ-সুবিধার অভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই সংকট কাটাতে জাতীয় স্টেডিয়ামের পাশে ভলিবল ফেডারেশনের জায়গায় চার থেকে পাঁচতলা একটি ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে ফেডারেশন। প্রস্তাবিত ভবনে নারী ও পুরুষদের পৃথক আবাসন এবং জেলা পর্যায় থেকে বাছাই করা খেলোয়াড়দের থাকার পাশাপাশি কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে দৌড়ের সময় নির্ধারণ ও নির্ভুল ফলাফলের জন্য বুয়েটের প্রকৌশলীদের সহযোগিতায় অকেজো ফটোফিনিশিং ব্যবস্থাটি বিনা খরচে সচল করা হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক আলী ইমাম তপন। সূচি অনুযায়ী, ২৩ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সাতটি থ্রো ইভেন্ট এবং ২৪ অক্টোবর ভোর ৫টায় পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ম্যারাথন অনুষ্ঠিত হবে। ২৩ অক্টোবর বিকেল ৪টায় বসবে প্রতিযোগিতার উদ্বোধনী আসর।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং আনোয়ার ইস্পাতের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে ৬ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা পুরস্কার পাবেন। নতুন জাতীয় রেকর্ড গড়া অ্যাথলেট পাবেন ২০ হাজার টাকা এবং আসরের সেরা অ্যাথলেটকে একটি মোটরসাইকেল উপহার দেওয়া হবে।