উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তানভীরও সেখানে উপস্থিত ছিলেন।
পরিদর্শনের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।
ঘটনার একটি ৩৩ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত পরিদর্শনের সময় পুলিশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছেন তানভীর। একপর্যায়ে অন্যদের পেছনে ফেলে তিনি প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা করেন। পরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত শনিবার মিরপুরে ফুটপাত পরিদর্শনে আসেন। এসময় এক ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।