উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়াসহ সাতটি জটিল রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের এককালীন এক লাখ টাকা করে আর্থিক অনুদান দিচ্ছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০২৬-২৭ অর্থবছরে ৬৫ হাজার রোগীকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ৬৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আগ্রহী রোগী বা তাঁদের পরিবারের সদস্যরা সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য জমা দিতে হবে, যা যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। অসত্য তথ্য বা ভুয়া সনদপত্র দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
এই অনুদান পাওয়ার জন্য আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দরিদ্র বা অসচ্ছল হতে হবে। জরুরি প্রয়োজনে থাকা রোগী, প্রতিবন্ধী, শিশু, নারী ও বয়স্করা অগ্রাধিকার পাবেন। নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি এক অর্থবছরে একবার এবং সারা জীবনে সর্বোচ্চ তিনবার এই আর্থিক সহায়তা নিতে পারবেন।