উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের অন্যতম অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা বাংলাদেশ ও ডেলিভারি হিরো স্টোরস বাংলাদেশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলা দুটির কার্যক্রম বাতিল চেয়ে ওই পাঁচ কর্মকর্তার করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গত রোববার রুলসহ এ আদেশ দেন।
এই পাঁচ কর্মকর্তা হলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের সিদ্দিকী, ডেলিভারি হিরো স্টোরস বাংলাদেশের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক এবং সিনিয়র ম্যানেজার ও পরিচালক মো. সাজেদুল হক। আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ফুডপ্যান্ডা ও ডেলিভারি হিরো স্টোরসের এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ৩ জুলাই ঢাকার নিম্ন আদালতে মামলা দুটি করেন আইপিএলই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির।
আদালত মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার পর গুলশান থানা-পুলিশ পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করে পৃথক তদন্ত প্রতিবেদন দাখিল করে। গত ২৩ সেপ্টেম্বর অভিযোগ আমলে নিয়ে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং এর আগে তাঁরা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। মামলা বাতিল চেয়ে করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে গত ১৮ অক্টোবর হাইকোর্ট রুল দিয়ে মামলা দুটির কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করেন।
আদালতে পাঁচ কর্মকর্তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন এবং আইনজীবী কাজী এরশাদুল আলম ও মশিউর রহমান। হাইকোর্ট মামলা দুটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন বলে জানান পাঁচ কর্মকর্তার আইনজীবী কাজী এরশাদুল আলম এবং মামলার বাদী শিহাব মাহমুদ বশিরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।