উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে-ভিউতে আয়োজিত এক সাংগঠনিক সভায় তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন।
সভায় তারেক রহমান নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য এবং ভোটে জয়ী হতে পারবেন এমন প্রার্থীদেরই নির্বাচনে বেছে নিতে হবে। চট্টগ্রাম মহানগরসহ উত্তর ও দক্ষিণ বিএনপির প্রায় সাড়ে ৪০০ নেতা-কর্মী এই সভায় অংশ নেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নেতা-কর্মীদের আরও সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজেদের কোনো অপরাধে জড়ানো যাবে না এবং এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
সরকারের বিরুদ্ধে ছড়ানো গুজব ও ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বর্তমান সরকারের ভালো কাজগুলো মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জামায়াতের অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। সামরিক বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে জে এম সেন হল পরিদর্শনের পর তিনি সাংগঠনিক সভায় যোগ দেন এবং রাতেই চট্টগ্রাম ত্যাগ করেন।