উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট কাজী আলিমুজ্জামান বিভিন্ন পূজা-মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। সবার সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে এই উদ্যোগটি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
উপজেলার ৬ নং চতুল ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন ও অনুদান প্রদানকালে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, যদি আমাকে যোগ্য মনে করেন এবং একটু সুযোগ করে দেন, তবে আমি আপনাদের সুখে-দুখে পাশে থাকতে চাই। এ সময় তিনি চতুল ইউনিয়নবাসীর জন্য একটি এম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন, যার দ্বারা এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শারদীয় দুর্গা-পূজা উপলক্ষে আয়োজিত এই মন্দির পরিদর্শনে তিনি বিভিন্ন পূজারী ও ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন চতুল বাইখির শেখ আঃ রাজ্জাক একাডেমি স্কুলের প্রধান শিক্ষক বাবু মলয় কুমার বোস, মো. সোহেল খান, সাবেক ইউপি সদস্য ওলিয়ার রওমান এবং বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত ব্যক্তিরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় চতুল ইউনিয়নে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ অটুট থাকবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে।