উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তৃণমূলের প্রতিটি সংগ্রামে অবিচল থেকে নেতৃত্ব দিচ্ছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল খান। সৎ ও নির্লোভ রাজনীতির এই রূপকার মাদারগঞ্জের রাজপথে চার দশকের এক জীবন্ত ইতিহাস হিসেবে পরিচিত।
প্রয়াত দারাজ উদ্দিন খানের পুত্র মনজুর কাদের বাবুল খানের রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৮৮ সালে। তিনি ১৯৮৯ সালে অল্প বয়সে মাস্টার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত অবস্থায় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
সংগঠনকে সুসংগঠিত করার ধারাবাহিকতায় তিনি ২০০২ সালে আবারও সভাপতি নির্বাচিত হন এবং দীর্ঘ লড়াই-সংগ্রামের পর ২০২১ সালে উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। বর্তমানে তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
পেশায় বিজ্ঞ আইনজীবী হওয়ায় তিনি স্বৈরাচারী শাসনের সময়ে নির্যাতিত নেতাকর্মীদের আইনি সুরক্ষায় নিঃস্বার্থভাবে আত্মনিয়োগ করেন। জামালপুর আদালতে হাজিরা দেওয়া নেতাকর্মীদের দুপুরের খাবার ও যাতায়াত খরচ থেকে শুরু করে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার যাবতীয় আইনি তদারকি তিনি নিজ খরচে সম্পন্ন করেছেন।
অহংকারহীন ও সাদা মনের মানুষ হিসেবে তিনি সাধারণ মানুষের হৃদয় জয় করে নিয়েছেন এবং তৃণমূল কর্মীদের কাছে এক অনন্য আস্থার প্রতীক হয়ে উঠেছেন। যেকোনো সংকট ও প্রতিকূলতায় এই অকুতোভয় সৈনিক মাদারগঞ্জ বিএনপিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।