উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে ঘটনার সত্যতা বাসস’কে নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ। গ্রেফতার লাভলু মিয়া একই এলাকার মো. জয়তুল্লাহর ছেলে এবং একই মামলায় আরও ২ আসামি পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাভলু মিয়া সাইফুলের পরিবারের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নেন তিনি। পরে সাইফুলকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে দেখা দেয় নানা জটিলতা। এমতাবস্থায় সাইফুলের পরিবার তাকে দেশে ফিরিয়ে আনতে লাভলুর সাথে যোগাযোগ করে। সে সুযোগে লাভলু মিয়া সাইফুলের পরিবারের কাছে আরও ১৬ লাখ টাকা দাবি করেন।
দাবির টাকা না দেয়ায় সাইফুলকে পরিবারের সাথে যোগাযোগে বাধা দেয় এবং তাকে সৌদি আরবে জিম্মি করে রাখে লাভলুর লোকজন। পরে এঘটনায় ভূক্তভোগী সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে লাভলু মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। আদালতের নির্দেশে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লাভলু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ বাসস’কে জানান, মানবপাচার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে।