উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার রাজধানীর মহাখালীতে আয়োজিত জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬-এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা জানান। তিনি বলেন, ক্যানসার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে আর কোনো দীর্ঘসূত্রিতা রাখা হবে না।
স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগীদের সুবিধার্থে রেডিওথেরাপি মেশিন ক্রয়ের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। দেশের ক্যানসার রোগীদের নিজ দেশেই আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং বাজেটের বড় একটি অংশ এই খাতে ব্যয় করা হবে।
নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট টেকনোলজিস্ট ও জনবলকে আগামী তিন মাস বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না এবং অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, মো. খালেকুজ্জামান চৌধুরী ও অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ অনেকে।