উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্য ও সক্ষম বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ সোমবার রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার ও আর্থিক অনুদান বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের মানুষের প্রধান পরিচয় তাঁরা বাংলাদেশি এবং পরিচ্ছন্নতাকর্মী হিসেবে তাঁদের বঞ্চিত করা যাবে না।
অনুষ্ঠানে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের ৬৮০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয় এবং পূজা উদ্যাপন কমিটিকে বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রস্তাবিত ১৭টি আবাসিক ভবন নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধান এবং তাঁদের জন্য একটি মন্দির নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং দুই সম্প্রদায়ের নেতা ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।