উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবাদ সম্মেলনে অস্ত্রকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে এবং কাউকে আঘাত করে থাকি, তবে তার জন্য আগেই দুঃখ প্রকাশ করছি। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সেদিন তিনি কোনো ভুল করেননি এবং কেবল নিরাপত্তার জন্যই নিজের হাতে অস্ত্র রেখেছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন জানিয়ে ইশরাক বলেন, তিনি ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকার মাদক নির্মূলসহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে চান। প্রধানমন্ত্রী তাঁর এই আবেদনে সদয় সম্মত হয়েছেন এবং তাঁকে এলাকায় কাজ করার সুযোগ করে দিয়েছেন। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া ঘুণ্টিঘরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামার পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল।
ঘটনার দিন পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা উল্লেখ করে ইশরাক জানান, রাতে তিনি দেখতে পান একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাঁর এই ঘটনার কারণে প্রধানমন্ত্রীর ১৩টি স্থান পরিদর্শনের মতো প্রশংসনীয় বিষয়গুলো ঢাকা পড়ে গেছে। সরকারের কর্মকাণ্ড যাতে তাঁর কারণে ম্লান না হয়ে যায়, সেজন্যই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।
রোববার সরকারসংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সূত্র জানায়, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাককে ডেকে পাঠিয়ে পদত্যাগের নির্দেশ দেন। এর আগে গতকাল রাতেই সংবাদ প্রকাশের পর ইশরাক ও তাঁর প্রেস কর্মকর্তা এটিকে গুজব ও অসত্য বলে দাবি করেছিলেন। তবে আজ সকালে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দুপুরে প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি।