উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় পেনশন কর্তৃপক্ষ ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের বিনিয়োগ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থবছরে বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১.৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা অর্জিত হয়েছে। গত সোমবার ১৯ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় পেনশন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বজনীন পেনশন স্কিমগুলোর আওতায় বিনিয়োগ করা অর্থের বিপরীতে আলোচ্য অর্থবছরে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে। কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় গ্রাহকদের মধ্যে এই মুনাফা বণ্টনের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।
আইন ও বিধিমালা অনুযায়ী, প্রত্যেক গ্রাহকের জমার পরিমাণ ও জমার সময়কালের ভিত্তিতে অর্জিত মুনাফা তাঁদের নিজ নিজ পেনশন হিসাবে বা করপাস হিসাবে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট গ্রাহকদের পেনশন হিসাবে অর্জিত মুনাফার হিসাব যোগ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করতে এবং গ্রাহকদের অর্থের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন। মুনাফা বণ্টনের ফলে এই স্কিমের গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এবং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।