উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে সোমবার ১২ অক্টোবর ২০২৬ তারিখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজধানী মডেল স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। মাঠ দখলমুক্ত করে শিক্ষার্থীদের খেলাধুলার অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সুস্থ প্রজন্ম গড়তে দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম জানান, কোনো বিরোধ নয় বরং আলোচনার মাধ্যমে তারা মাঠ ফিরে পেতে চান। তিনি দাবি করেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।
অভিভাবকরা জানান, মাদকমুক্ত সমাজ ও সুস্থ প্রজন্ম গঠনে মাঠের বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার ঘোষণার প্রতি তারা আশাবাদ ব্যক্ত করেন এবং সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ বশির উল্লাহ বশির বলেন, শিশুদের খেলার অধিকার কেড়ে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ খেলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।