উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার আশুলিয়ার শ্রীপুর বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেটের সামনে সরকারি জায়গা দখল করে অস্থায়ী দোকান নির্মাণ এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এসব অবৈধ দোকানের কারণে মার্কেটের ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন মার্কেটের মালিক সমিতি ও সংশ্লিষ্ট মালিকপক্ষ। এ বিষয়ে প্রতিকার চেয়ে আজ একটি সংবাদ সম্মেলন করেছে মার্কেটের মালিকপক্ষ।
সংবাদ সম্মেলনে মার্কেটের মালিক সমিতির সভাপতি জানান, তাঁদের মার্কেটে ১৭০টির বেশি দোকান রয়েছে এবং তাঁরা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন। কিন্তু মার্কেটের সামনে ছোট ছোট দোকান বসিয়ে ধীরে ধীরে সেগুলোর উচ্চতা বাড়ানো হচ্ছে, ফলে সড়ক থেকে মূল মার্কেটের দোকানগুলো আর দেখা যায় না। বারবার অনুরোধ করা সত্ত্বেও অবৈধ দোকানদারদের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না।
মার্কেটের সাধারণ সম্পাদক বলেন, তাঁরা কারও সঙ্গে বিরোধ করতে আসেননি, বরং শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চান। দোকানগুলো একটু নিচু করার অনুরোধ নিয়ে কথা বলতে গেলে কয়েকজন বহিরাগত এসে জানিয়ে দেয় দোকান যেভাবে আছে সেভাবেই থাকবে। ব্যবসায়ীরা নিয়মিত ক্ষতির অভিযোগ করায় এই পরিস্থিতি অব্যাহত থাকলে অনেকের পক্ষেই ব্যবসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে।
মার্কেটের কর্ণধার ইমাম হাসান জানান, মার্কেটের সামনের সরকারি জায়গা দখল করে বর্তমানে দোকানগুলো উঁচু করে নির্মাণ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রতিদিন ৮ থেকে ১০ জন ব্যক্তি এসে চাঁদার টাকা নিয়ে যান এবং কিছু চিহ্নিত সন্ত্রাসী প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় করছেন। আগামীকাল আবারও দোকান সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হবে এবং কথা না শুনলে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হবে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত দোকানদার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।