উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লিওনেল মেসির চার মিনিটের ব্যবধানে দুই গোলে শনিবার আটলান্টা ইউনাইটেডকে তাদের মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে প্লে-অফ ম্যাচকে সামনে রেখে এমএলএস শিরোপা ধরে রাখার অভিযানে আরও গতি পেয়েছে মায়ামি। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন এই সুপারস্টার এই গোল দিয়ে মেজর লিগ সকারের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২৫ গোল নিয়ে শীর্ষে রয়েছেন।
জুলাইয়ে এই আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়েছিল। এবার সেই মাঠেই দুর্দান্ত দুটি গোল করে মায়ামিকে টানা তৃতীয় জয় এনে দেন মেসি। ৪৫ মিনিটে মায়ামিকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন জার্মান বেরতেরামে।
৫৬ মিনিটে তাঁর গোলে ব্যবধান দাঁড়ায় ২-০। এর চার মিনিট পর আবারও গোল করেন মেসি। লুইস সুয়ারেজের পাস পেয়ে দ্রুতগতিতে এগিয়ে যান তিনি। গোলরক্ষক লুকাস হোইসকে পরাস্ত করের বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।
এই ম্যাচে একটি অ্যাসিস্টও করেছেন মেসি। এর ফলে অ্যাসিস্টের তালিকায় লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কৃতিত্বও অর্জন করেছেন মেসি।
আর্জেন্টিনার হয়ে আবেগঘন বিদায়ী ম্যাচ খেলার পর তিন ম্যাচে চারটি গোল করেছেন মেসি। বুধবার প্লে-অফ নিশ্চিত করা মায়ামি গত মাসে কোচের দায়িত্ব নেওয়া ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেসের অধীনে টানা তৃতীয় জয় পেয়েছে। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ফাফা পিকল্ট। তবে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থাকা আটলান্টার প্লে-অফে ওঠার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।