উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবা লিটন মিয়া মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত লিটনের বয়স হয়েছিল ৪৫ বছর এবং তাঁর পরিবারের সদস্যরা জানান অভিযুক্ত ছেলে সোহেল মানসিকভাবে অসুস্থ। ঘটনার পর থেকেই অভিযুক্ত সোহেলকে পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত লিটনের বড় ছেলে রাসেল আমিন জানান, তাঁর ছোট ভাই সোহেল মানসিকভাবে অসুস্থ হওয়ায় মাঝেমধ্যে তাঁকে মানসিক হাসপাতালে রাখতে হয়। গত ২৮ সেপ্টেম্বর রাতে সোহেল মুঠোফোন দেখছিলেন এবং তাঁর বাবা তাঁকে মুঠোফোন বন্ধ করতে বলেন। পরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে সোহেল হঠাৎ বাবা-মার কক্ষে ঢুকে তাঁদের উপর ছুরিকাঘাত করেন।
আহত অবস্থায় লিটন ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বড় ছেলে রাসেল জানান, চিকিৎসার পর মা সুস্থ হয়ে উঠলেও চিকিৎসাধীন অবস্থায় গত রাতে বাবা মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও বিষয়টি থানাকে জানানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, লিটন মিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত লিটন মিয়া তিন ছেলের জনক ছিলেন এবং পরিবার নিয়ে ডেমরার কোনাপাড়া আদর্শবাগ এলাকায় বসবাস করতেন।