উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করে ৮৫ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার ঘটনা উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ১৪ অক্টোবর, ২০২৬ তারিখে এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর কাছে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ সেপ্টেম্বর কাস্টমস গোয়েন্দার একটি প্রিভেনটিভ টিম সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়ার ইউএজিএম বিডি লিমিটেড নামক প্রতিষ্ঠানে অভিযান চালায়। প্রতিষ্ঠানটি প্রচ্ছন্ন রপ্তানিকারক হিসেবে বন্ড সুবিধার আওতায় পিভিসি ফ্লেক্স, পিভিডিসহ বিভিন্ন কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে আসছিল এবং এসব কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন ও রপ্তানি দেখানো হতো।
তবে সরেজমিন তদন্তে সংশ্লিষ্ট কারখানায় কার্যকর কোনো উৎপাদন ব্যবস্থা পাওয়া যায়নি এবং উৎপাদনের জন্য স্থাপিত মেশিনপত্রগুলোও দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। কর্মকর্তারা ঘোষিত উৎপাদন তথ্যের সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের হিসাব মিলিয়ে বড় ধরনের অসংগতি পান এবং কারখানায় বিকল্প বিদ্যুৎ বা গ্যাসচালিত কোনো উৎপাদন ব্যবস্থার অস্তিত্বও পাওয়া যায়নি।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি ইউপি গ্রহণ করে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে রপ্তানি দেখালেও বাস্তবে শুল্কমুক্ত কাঁচামাল স্থানীয় খোলাবাজারে বিক্রি করে দিয়েছে। এনবিআর জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার রোধে বিদ্যুৎ ব্যবহার ও প্রকৃত উৎপাদন সক্ষমতা বিশ্লেষণ করে তাদের নজরদারি অব্যাহত থাকবে।