উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জিএসসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় কৃষ্ণনগর ডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির উদ্যোগে এ টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির প্রধান উপদেষ্টা ও ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. হানিফ মণ্ডল। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন মদন গোপাল সাহা ও সুকুমার চন্দ্র সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শিকদার একাডেমি, গোপালগঞ্জ এবং রংপুর জয় স্পোর্টিং ক্লাব, রংপুর। দুই দলের অংশগ্রহণে উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।