উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের তীব্র সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তুলেছেন, ‘দল কি তাহলে একটা?’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি মাঝে মাঝে বলি, সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। দেশে আর কোনো জনগণ, আর কোনো দল আছে—এটা ওনারা মূল্যায়ন করেন না।’ একই সঙ্গে তিনি সারা দেশে সারের ডিলারশিপ বরাদ্দ নিয়ে সরকার ব্যাপক দুর্নীতি করেছে বলে অভিযোগ তোলেন।
গোলাম পরওয়ার বলেন, দলীয় বিবেচনায় ডিলার নিয়োগ দিয়ে নীতিমালা ভঙ্গ করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির ১০ জন সদস্যের মধ্যে ৩ জন এবং জেলায় ১৩ জনের মধ্যে ৩ জনকে রাজনৈতিক বিবেচনায় মনোনীত করা হয়েছে। এমনকি সরকারদলীয় এমপি ও নেতারা কে কতজন ডিলার নিয়োগ করবেন, তা টাকার বিনিময়ে ভাগ করে নিয়েছেন।
পর্যাপ্ত মজুতের সরকারি দাবির বিরোধিতা করে তিনি বলেন, পত্রপত্রিকার খবরে দেখা যাচ্ছে সারের জন্য বিক্ষোভ হচ্ছে, কৃষকেরা গুদাম খুলে সার নিচ্ছেন এবং ডিলাররা পালিয়ে যাচ্ছেন। চাহিদার তুলনায় সার বেশি মজুত থাকলে কেন এই অভাব দেখা দিচ্ছে, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
সংকট নিরসনে সংবাদ সম্মেলনে তিনি ডিলার নিয়োগে অনিয়ম তদন্ত, মানদণ্ড জনসমক্ষে প্রকাশ এবং আর্থিক লেনদেনের তদন্তসহ ছয়টি দাবি তুলে ধরেন। এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, মুয়াযযম হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।