উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পণ্যের সঠিক মান ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মপরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আজ ৫৭তম বিশ্ব মান দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প সচিব আব্দুন নাসের খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।
খাদ্যের পূর্ণ বিশুদ্ধতা নিশ্চিত করা সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, জনসাধারণ যে পণ্য টাকা খরচ করে ব্যবহার করবেন, সেটির ন্যূনতম সন্তুষ্টি ও গুণগত মান নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। তিনি জানান, বিএসটিআই-এর সক্ষমতা বাড়াতে প্রায় ৮৫০ কোটি টাকা ব্যয়ে একটি ১৩ তলা ভবন নির্মাণ ও ৬৩টি নতুন আধুনিক ল্যাব স্থাপনসহ তিনটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ১০টি জেলায় নতুন পরীক্ষাগার স্থাপন ও প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে একটি মেট্রোলজি ল্যাব তৈরির প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।
সম্প্রতি সয়াবিন তেলে ভারী ধাতু ও সিসা থাকার খবর প্রকাশের পর বিএসটিআই বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের ১৯৩টি নমুনা পরীক্ষা করেছে বলে মন্ত্রী জানান। পরীক্ষায় দেখা গেছে বাজারে থাকা সয়াবিন তেল সম্পূর্ণ বিশুদ্ধ এবং এতে কোনো ক্ষতিকর উপাদান নেই। এলডিসি গ্র্যাজুয়েশনের পর আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতির জন্য আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ সংস্থাগুলোর সাথে বিএসটিআইয়ের পারস্পরিক স্বীকৃতি চুক্তি এবং হালাল সার্টিফিকেশনের মতো ক্ষেত্রে বৈশ্বিক মান অর্জনেও উদ্যোগ জোরদার করা হয়েছে।