উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর জন্য দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বৃদ্ধি করা হয়েছে। ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’-এর আওতায় এই দরপত্র জমা দেওয়ার কথা ছিল।
আগে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩০ নভেম্বর এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সময়সীমা চার মাস বাড়িয়ে আগামী ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
গত মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সাথে সম্প্রতি আলোচনা এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনার পর ডাটা সেলস প্যাকেজ আরও সহজলভ্য করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সময় বৃদ্ধি এবং ডাটা প্যাকেজ সহজলভ্য করার ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর এই বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।