উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ওমানের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাস, রপ্তানি বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা সিইপিএ স্বাক্ষরের ওপর গুরুত্ব দিয়েছেন। ১৩ অক্টোবর ২০২৬ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আগ্রহের কথা জানান।
বৈঠকে রাষ্ট্রদূত ভারতের সঙ্গে করা অর্থনৈতিক চুক্তির আদলে বাংলাদেশের সঙ্গেও একই ধরনের চুক্তি করার প্রস্তাব দেন। বাণিজ্যমন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে এফবিসিসিআই ও ওমান চেম্বারের সমন্বয়ে যৌথ বিজনেস কাউন্সিল গঠনের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। ওমানের সোহর, দুকম ও সালালাহ বন্দরে বাংলাদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
রাষ্ট্রদূত ওমানের অর্থনৈতিক উন্নয়নে কর্মরত সাত লাখ বাংলাদেশির অবদানের কথা উল্লেখ করেন এবং কুমা টুপি তৈরিতে বাংলাদেশি নারী কারিগরদের দক্ষতার প্রশংসা করেন। এছাড়া শ্রমবাজার সম্প্রসারণ ও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করেন।