উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরি হাঁকালেন লিটন দাস। এই ইনিংসের সুবাদেই বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের অভিজাত ক্লাবে নাম লেখালেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ১১৪ বলে নিজের সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। শেষ পর্যন্ত দুবার জীবন পেয়ে ১৪টি চারের মারে ১১৭ বলে ১০২ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। এই ইনিংস খেলার পথে সব ফরম্যাট মিলিয়ে তার মোট সংগ্রহ দাঁড়ায় ৯০৮৪ রান।
লিটনের আগে বাংলাদেশের হয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। ২০১৫ সালের ১০ জুন টেস্ট অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২৮৫টি আন্তর্জাতিক ম্যাচে লিটন এই অনন্য উচ্চতায় পৌঁছালেন।