উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলার লালমোহন উপজেলায় গত দেড় মাস ধরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি মাসের প্রথম ১০ দিনে ২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যেখানে সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল ৪৩ জন। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন জ্বরের উপসর্গ নিয়ে আসা রোগীদের ভিড় বাড়ছে। বহির্বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ইউসুফ হোসেন জানান, অনেক রোগী পরীক্ষা করাতে আগ্রহী না হলেও যারা পরীক্ষা করছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গু পজিটিভ আসছে।
ডেঙ্গু ছাড়াও ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে হাম, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা চলছে। সেপ্টেম্বর মাসে হামে ৪৪ জন, নিউমোনিয়ায় ১২১ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত ১৮১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চলতি মাসের প্রথম ১০ দিনে হামে আক্রান্ত ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে ওষুধ সংকট ও জনবল নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মাহমুদ তালহা সাদী বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও কর্মরত জনবল দিয়ে রোগীদের সেবা নিশ্চিত করা হচ্ছে। সব সময় সব ওষুধ মজুত না থাকলেও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং ঘাটতি মেটানোর চেষ্টা চলছে।
ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও ফুলের টবে জমে থাকা পানি পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন ডা. সাদী। তিনি আরও বলেন, জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তীব্র পেটব্যথা, বমি বা রক্তপাতের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে।