উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের নতুন সম্ভাবনাময় পর্যটন ও রিভার ভিউ এলাকা কালুরঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত কর্ণফুলীর পাড়ের নয়নাভিরাম লিংক রোডে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির প্রথম পর্যায়ে ২,৫০০টি গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।
টি ফাউন্ডেশন ও টিম মানুষ যে পরিবারের যৌথ উদ্যোগে এই মহৎ ও প্রশংসনীয় কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এই আয়োজনের সার্বিক সহযোগিতা ও সৌজন্যে রয়েছে টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং যমুনা টিভির জয়েন্ট এক্সিকিউটিভ প্রডিউসার মোহাম্মদ তারেক।
লাবিব মার্কেটিং কোম্পানির পক্ষ থেকে এই সবুজায়ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আনন্দ প্রকাশ করা হয়েছে। ব্যবসার পাশাপাশি সমাজ, পরিবেশ ও মানুষের কল্যাণে কাজ করাকে একটি নৈতিক দায়িত্ব হিসেবে দেখছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
এই ছোট্ট উদ্যোগের মাধ্যমেই একদিন বেড়িবাঁধ এলাকা আরও সবুজ, সুন্দর, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে।