উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের চরম অবহেলা ও দায়িত্বহীনতায় আবদুল্লাহ নামে দেড় মাস বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার ভোর ৬টার দিকে শিশুটি অসুস্থ হলে তাকে জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা।
স্বজনদের অভিযোগ, এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. দাউদ সিদ্দিকি ঘুমিয়ে ছিলেন এবং বারবার অনুরোধ করার পরও তিনি শিশুটিকে দেখতে আসেননি। উল্টো কোনো পরীক্ষা ছাড়াই তিনি একটি ইনজেকশনের স্লিপ ধরিয়ে দেন।
বাইরে থেকে ইনজেকশন এনে নার্স পুশ করার এক মিনিটের মধ্যেই শিশুটির শরীর কালচে হয়ে যায় এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিচে নেওয়ার পর ডা. দাউদ সিদ্দিকি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, শিশুটির চিকিৎসায় অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।