উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা এই তাণ্ডবে স্টুডিওর পাশাপাশি আশপাশের কয়েকটি স্থাপনাতেও হামলা চালানো হয়।
নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা মো. পল্লব আলী জানান, পাঁচটি পিকআপে আসা অস্ত্রধারী হামলাকারীরা গুলি করতে করতে হাউজিংয়ের ভেতরে প্রবেশ করে। তারা স্টুডিওর পাশাপাশি প্রপার্টিজের অফিসেও হামলা চালায় এবং নির্মাণশ্রমিকদের মারধর করে তাদের জিনিসপত্র নিয়ে যায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মামুন, আসলাম ও মুন্না নামে তিনজনকে আটক করেছে পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধ ও দখল-বেদখলকে কেন্দ্র করেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির জানান, হামলায় তার স্টুডিও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্টুডিওতে থাকা ক্লায়েন্টদের ফুটেজ ও শুটিংয়ের সরঞ্জাম খোয়া যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি।