উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি ধনু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আলেয়া বেগমের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় আলেয়া বেগমকে মারধর ও তার ছেলে সাকিবকে কুপিয়ে জখম করার পাশাপাশি নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণের চেইন লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আলেয়া বেগম বাদী হয়ে ধনু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত প্রধান আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।