উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান তাকে স্বাগত জানিয়ে বলেন, গবেষণা ও নীতি নির্ধারণী ক্ষেত্রে ড. রাজ্জাকের দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের সুশাসন ও কৌশলগত পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে। তার এই অন্তর্ভুক্তি দীর্ঘমেয়াদে স্টেকহোল্ডারদের জন্য ভ্যালু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ড. রাজ্জাক বর্তমানে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের খণ্ডকালীন অধ্যাপক হিসেবেও কাজ করছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটে হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।