উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা। আজ রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন–সম্পর্কিত জাতীয় সংসদের বিশেষ কমিটির সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রুদ্ধদ্বার এই বৈঠকে সম্পাদক ও সাংবাদিকেরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন।
বৈঠক শেষে বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধন বিল সংসদে আসবে বলে তাঁরা আশা করছেন। সম্পাদকদের পরামর্শের জবাবে তিনি বলেন, কমিটিও চায় বিরোধী দল এতে যোগ দিক এবং বিরোধী দল যখনই কমিটিতে আসবে, তখনই তাদের স্বাগত জানানো হবে। বিল পাস হওয়ার পর কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে নির্দিষ্ট কিছু বিষয়ে গণভোট দেওয়ার প্রয়োজন হবে বলেও তিনি জানান।
বৈঠকে অংশ নেওয়া সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নূরুল কবীর, মাহফুজ আনাম, মতিউর রহমান, শাহেদ মুহাম্মদ আলী, দেওয়ান হানিফ মাহমুদ, কামাল আহমেদ, সৈয়দ আবদাল আহমদ, মুস্তাফিজ শফি প্রমুখ। এছাড়া বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল আজিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসানসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের নেতারাও এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।