উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ১ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ধামরাই পৌরসভার ঢাকা-আরিচা মহাসড়কের অ্যাকমি মেডিসিন ফ্যাক্টরির ৫ নম্বর গেটসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কক্সবাজারের টেকনাফ থানার জালিয়ামারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল মাজেদ (৩৩) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চণ্ডীপুর গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে মো. নাছির উদ্দীন (৫২)। নাছির উদ্দীন বর্তমানে ধামরাইয়ের ছোট চন্দ্রাইল এলাকায় ভাড়া থাকতেন এবং র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় তাদের আটক করা হয়।
র্যাব-৪ সূত্র জানায়, অ্যাকমি ফ্যাক্টরি এলাকায় ইয়াবা কেনাবেচার খবর পেয়ে সিপিসি-২ নবীনগর ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবাসহ কয়েকটি মোবাইল ফোন ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত অন্যান্য আলামত জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ধামরাইসহ ঢাকা ও মানিকগঞ্জে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করেছে।