উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ প্রায় দুই বছর স্থবির থাকার পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ৪তলা ভবনের কাজ পুনরায় শুরু হয়েছে। রোববার ২৭ সেপ্টেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে ভবনটির নির্মাণকাজ শুরু করে চুক্তিভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান কেইএসএস।
রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন প্রকল্পটি বন্ধ ছিল। কাজ শুরুর দিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের এবং সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন জানান, ভবনটির কাজ শেষ হলে বহির্বিভাগ ও আন্তঃবিভাগের সেবার মান বৃদ্ধি পাবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেন নির্ধারিত সময়ে মান বজায় রেখে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।
প্রতিদিন বিপুল সংখ্যক রোগী সেবা নিতে এলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা ছিল। নতুন ভবনটি নির্মিত হলে সরাইলের লাখো মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে এবং স্বাস্থ্যসেবা খাতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।