উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পাঁচ দিনের নিউইয়র্ক সফরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কর্মসূচির মাধ্যমে দেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহ্দী আমিন জানান, চার কর্মদিবসের এই সফরে প্রধানমন্ত্রী ৩০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং বিভিন্ন দেশের সঙ্গে ১১টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
মাহ্দী আমিন আরও উল্লেখ করেন যে, সফরকালে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি ও ফিলিস্তিন প্রসঙ্গ উত্থাপন করেছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের সময় বাংলাদেশ প্রতিনিধিদলের ওয়াকআউটের মাধ্যমে ফিলিস্তিন ইস্যুতে দেশের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। এছাড়া বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেছে এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে সমর্থনের আশ্বাস পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী অত্যন্ত ছোট আকারের সফরসঙ্গী দল নিয়ে মাত্র ৩৫ জন সদস্যসহ যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াত করেছেন বলে জানান মাহ্দী আমিন। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) জানান, বিমানবন্দরে দলীয় নেতা-কর্মীদের ভিড় করার প্রথাগত সংস্কৃতিকে নিরুৎসাহিত করার মধ্য দিয়ে এই সফর দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুণগত পরিবর্তনের প্রতিফলন ঘটিয়েছে। চার কর্মদিবসের সফল সফর শেষে প্রধানমন্ত্রী আজ সকালে দেশে ফিরেছেন এবং তাঁর এই সফর দেশকে বিশ্বমঞ্চে এক উচ্চতর অবস্থানে নিয়ে গেছে।