উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকি আটক ব্যক্তিদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম ওই ২৭ জনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সোমবার জামিন শুনানির দিন ধার্য করেন।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন এবং জিজ্ঞাসাবাদে সেখানে আসার কোনো সদুত্তর দিতে পারেননি। অন্যদিকে জাসদের ভাষ্যমতে, কেন্দ্রীয় প্রতিনিধি সভায় হামলা হওয়ার পর পুলিশ উল্টো তাদের কর্মীদেরই আটক করে নিয়ে যায়। রোববার দুপুরে কার্যালয়ের চাবি দলটির নেতাদের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ।