উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মচারী ক্লাবের উদ্যোগে আয়োজিত 'চার দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬'। গত ৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে চতুর্থ তলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দ্বিতীয় তলা দল।
উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এই টুর্নামেন্টে চারটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। দাপ্তরিক ব্যস্ততার মাঝে সহকর্মীদের নিয়ে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা পুরো পরিষদ প্রাঙ্গণে এক উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। উপজেলা প্রশাসনের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ফুটবল আসর কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনা ও কাজের স্পৃহা জাগিয়ে তোলে।
প্রতিযোগিতায় ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে আইসিটি দপ্তরের নিরঞ্জন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া সেরা গোলদাতার পুরস্কার পান আনসার সদস্য আসাদ এবং সেরা গোলকিপারের স্বীকৃতি পান উপজেলা পরিষদের কর্মচারী আশারত।
আয়োজকদের মতে, কর্মক্ষেত্রের একঘেয়েমি দূর করে পারস্পরিক সম্প্রীতি ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতেই এই আয়োজন। এমন উদ্যোগ সরকারি দপ্তরের কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।