উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামালপুরের বকশীগঞ্জে বৈদ্যুতিক ত্রুটি সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ হাসান (১৬) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ হাসান ওই গ্রামের জামাত আলীর ছেলে এবং চলতি বছর এসএসসি পাস করে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আইরমারী নতুন পাড়া আয়মনা মাদবর উচ্চ বিদ্যালয়ের সামনে একটি দোকানে বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পারভেজ হাসান স্বেচ্ছায় সেই ত্রুটিপূর্ণ তার পরীক্ষা করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলেজে ভর্তি হওয়ার আগেই এমন অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।