উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রবাসী অধ্যুষিত ও পর্যটনসমৃদ্ধ সিলেটে নতুন শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠার সম্ভাবনাকে কাজে লাগাতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন তিনি। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস প্রদান করেন মন্ত্রী।
শনিবার নগরীর কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন খাতে নতুন ব্যবসা গড়ে তোলা যায় এবং তা কীভাবে সম্প্রসারণ করা যায়, তা ব্যবসায়ীদের চিহ্নিত করার তাগিদ দেন মন্ত্রী। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে শিল্প-কারখানা স্থাপনসহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তিনি। শুধু সভা-সমাবেশ নয়, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
ব্যবসায়ীদের স্বার্থ যথাযথভাবে তুলে ধরতে নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমে সংগঠন পরিচালনার কথা বলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া বিভিন্ন মেলা ও বাণিজ্যিক আয়োজনের ক্ষেত্রে সুশৃঙ্খল ও সমন্বিত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। সিলেট একটি সম্প্রীতির শহর উল্লেখ করে তিনি বলেন, এখানে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির যথেষ্ট সুযোগ রয়েছে।