উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় সংসদে কোনো কার্যকর আলোচনা বা জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়নি বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে দলটির নেতারা এই অভিযোগ করেন।
মানববন্ধন থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আয়-ব্যয় ও লাভ-লোকসানের হিসাব প্রকাশ এবং একটি জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানানো হয়। জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, যে সিদ্ধান্তের অর্থনৈতিক দায় সাধারণ মানুষকে বহন করতে হয়, তার কারণ ও হিসাব জনগণের সামনে স্পষ্ট করতে হবে।
শহীদ উদ্দিন মাহমুদ আরও বলেন, বিপিসি মুনাফাভিত্তিক নাকি জনসেবামূলক প্রতিষ্ঠান, তা স্পষ্ট করতে হবে এবং আন্তর্জাতিক বাজারে দাম কমলে অর্জিত মুনাফা দিয়ে জনগণকে সুরক্ষা দিতে হবে। জেএসডির সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, জ্বালানির দাম বাড়ানোর বোঝা সীমিত আয়ের মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে, তাই রাষ্ট্রীয় নীতিতে সামাজিক ন্যায়বিচারকে গুরুত্ব দিতে হবে।
মানববন্ধনে দলটির অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য দেন এবং আমলাতান্ত্রিক সিদ্ধান্তের বাইরে গিয়ে কৃষক, শ্রমিক ও ভোক্তাদের জ্বালানি নীতি প্রণয়ন প্রক্রিয়ায় যুক্ত করার আহ্বান জানান।