উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যক্তিগত জীবনের সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মুখে ‘ক্যামেরাবিহীন’ নতুন মডেলের স্মার্টগ্লাস উন্মোচনের পরিকল্পনা করছে মেটা। বার্ষিক ‘মেটা কানেক্ট’ সম্মেলনকে সামনে রেখে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসিলর-লাক্সোটিকার সঙ্গে যৌথভাবে তৈরি মেটার স্মার্টগ্লাস গত বছর বাজারে দারুণ সাড়া ফেলেছিল। বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখেরও বেশি ইউনিট বিক্রির মাধ্যমে চীনা প্রতিদ্বন্দ্বী রেনিয়ো ও শাওমিকে পেছনে ফেলে তারা বাজারের বড় অংশ দখল করে।
তবে ডিভাইসগুলোর বিপুল জনপ্রিয়তার সঙ্গেই জোরালো হতে থাকে এর অপব্যবহারের ঝুঁকি এবং সাধারণ মানুষের অজান্তে ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী করার আশঙ্কা। যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক রেস্তোরাঁ, পাব ও থিয়েটারে এই চশমার ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেটার বিরুদ্ধে একটি ক্লাস-অ্যাকশন মামলাও দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, মেটার এআই প্রশিক্ষণের কাজে নিয়োজিত কর্মীরা চশমায় ধারণকৃত ব্যবহারকারীদের সংবেদনশীল ও ব্যক্তিগত মুহূর্তের ভিডিও দেখতে পেরেছেন। যদিও মেটা এই অভিযোগ অস্বীকার করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই বিতর্ক এড়াতে মেটা মূলত দুটি ক্লাসিক ফ্রেমে ‘ক্লাবমাস্টার’ ও ‘বারব্যাঙ্ক’ ক্যামেরাহীন স্মার্টগ্লাস আনার প্রস্তুতি নিচ্ছে। এতে কোনো ক্যামেরা লেন্স না থাকায় কাউকে গোপনে ভিডিও করার ঝুঁকি থাকবে না, তবে উন্নত অডিও ফিচার ও মেটা এআইয়ের ভয়েস অ্যাসিস্ট্যান্ট যুক্ত থাকবে। ক্যামেরা না থাকায় ডিভাইসটি আরও পাতলা, হালকা এবং সাধারণ অপটিক্যাল ফ্রেমের মতোই পরতে আরামদায়ক হবে। বাজার বিশ্লেষকদের কেউ কেউ এতে দ্বিধাও প্রকাশ করে বলেছেন যে, ছবি তোলা বা ভিডিও ধারণ করাই স্মার্টগ্লাসের সবচেয়ে আকর্ষণীয় ফিচার ছিল।
ক্যামেরা বাদ দিলে এর চাহিদায় কিছুটা ভাটা পড়তে পারে বলে তাঁরা মনে করছেন। এছাড়া ক্যামেরা না থাকলেও অডিও রেকর্ডিংয়ের জন্য মাইক্রোফোন থাকায় প্রাইভেসির প্রশ্ন পুরোপুরি মিটবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। সব মিলিয়ে স্মার্টফোনের বিকল্প হিসেবে পরিধানযোগ্য এআই ডিভাইসের বাজার যখন জমে উঠছে, তখন ক্যামেরা বাদ দিয়ে ব্যবহারকারীদের বিশ্বাস ধরে রাখাই এখন মেটার সবচেয়ে বড় বাজি।