উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের চলমান কর্মকাণ্ডে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন জহির উদ্দিন স্বপন। এ সময় বাংলাদেশের সার্বিক উন্নয়ন ভাবনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে জনগণের বৃহত্তর আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, তা বৈঠকে গুরুত্ব পায়। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকর ও জোরালো ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক। সরকারের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে যৌথভাবে কাজ করার বিষয়েও এ সময় ঐকমত্য প্রকাশ করা হয়।